গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ফেসবুকে আনফ্রেন্ড ও আনফলো করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আহ্বানে তেমন সাড়া মেলেনি।

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের ঘটনায় ফেসবুক পেজে ইমরান এইচ সরকার নিন্দা জানানোয় এ আহ্বান জানান প্রধানমন্ত্রীপুত্র।

তবে জয়ের আহ্বানে সাড়া দেননি ইমরানের ফলোয়াররা। উল্টো ওই আহ্বানের পর ইমরানের ফেসবুক ফলোয়ারের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে, প্রতিমূহুর্তে হু হু করে বাড়ছে লাইক।

সোমবার (১৮ এপ্রিল) ইমরান এইচ সরকারের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে লাইক সংখ্যা ছিল ৮ লাখ ৫৯ হাজার ৭৬ জন।

আধা ঘণ্টার ব্যবধানে দুপুর ১২টায় তা বেড়ে হয় ৮ লাখ ৫৯ হাজার ১০৮ জনে। দুপুর সাড়ে ১২টায় তা আরও বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৫৯ হাজার ১৫২ জনে।

এভাবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ইমরান এইচ সরকারের ফেসবুক পেজের লাইক সংখ্যা।

দুপুর ১টায় গণজাগরণ মঞ্চের এই মুখপাত্রের ফেসবুক লাইক সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৫৯ হাজার ২০৬ জন।

আর বিকেল সাড়ে ৪টায় তা আরও বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৫৯ হাজার ৮৯৬ জনে। অর্থাৎ ৫ ঘণ্টার ব্যবধানে ইমরান এইচ সরকারের ফেসবুকে লাইক সংখ্যা বেড়েছে ৮২০ জন। লাইকের এই সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমান্বয়ে বাড়ছে।

সন্ধ্যা সাড়ে সাতটায় ইমরান এইচ সরকারের ফেসবুকে লাইক সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৬০ হাজার ৬৯২ জন। অর্থাৎ এই প্রতিবেদন লেখার সময় প্রাপ্ত ফল অনুযায়ী সবশেষ তিন ঘণ্টায় ইমরানের লাইক বেড়েছে ৭৯৬ জন।  

শফিক রেহমানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ১৬ এপ্রিল ইমরান এইচ সরকার তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘প্রবীণ (৮১ বছর বয়সী) সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শফিক রেহমানের রাজনৈতিক আদর্শের সাথে আমি একমত নই। ভিন্নমতের হলেই তাকে দমন করার যে নোংরা রাজনৈতিক অপকৌশল, এর একটা অবসান চাই।

দেশে যখন একের পর এক মানুষ খুন হচ্ছে, লেখক-প্রকাশক-বিদেশি থেকে শুরু করে মসজিদ-মন্দিরে ঢুকে মুয়াজ্জিন-পুরোহিতকে হত্যা করা হচ্ছে তখন খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপহরণের বায়বীয় অভিযোগে এমন একজন প্রবীণ সাংবাদিককে গ্রেফতার সত্যিই হতাশাজনক।

আমি প্রত্যাশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং প্রতিপক্ষকে দমনের চেয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে মনোযোগী হবে।’

ইমরানের এমন স্ট্যাটাসের পর রবিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ইমরান এইচ সরকারকে ‘সুবিধাবাদী ও মিথ্যাবাদী’ অভিহিত করে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

ওই স্ট্যাটাসে ইমরানকে আনফ্রেন্ড ও আনফলো করার আহ্বানও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।


এসএম/কেবি