যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী ঘাট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার সন্ধ্যা ছয়টার দিকে তাদের আটক হয়।
তাদের ভারতে পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি। তবে, পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটকরা হলেন- মাদারীপুরের নাদিম হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২), নওগাঁর আনসারের ছেলে হাফিজুর রহমান (২৬), শেরপুরের শফিউদ্দিনের ছেলে আনসার (২৮), রাজবাড়ীর মোজাহার শেখের ছেলে ইসরাফিল শেখ (২৭), পিরোজপুরের ওসমান মুন্সির ছেলে মোহাম্মদ আলী (১৯),শরীয়তপুরের আব্দুল মজিদের ছেলে পলাশ (১৯), নোয়াখালীর ইসহাকের ছেলে মহিন (২০), নড়াইলের নহর বিশ্বাসের মেয়ে নাসরিন বিশ্বাস (২৫), যশোরের গৌতমের স্ত্রী তপতি বিশ্বাস (৩৫) এবং শিশু রাজেশ (১০)।
বিজিবি জানায়, পুটখালী সীমান্তে পাচারকারীরা এক দল নারী-পুরুষকে ভারতে পাচার করছে- এমন গোপন সংবাদে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় অবৈধ পারাপারের চেষ্টাকালে ১০ জনকে আটক করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে পুলিশ তাদের যশোর আদালতে পাঠাবে।
২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





