শনিবার রাত সাড়ে ৯টায় রব হলের সামনে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তায়েফুল হক তপু গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা ছাত্রলীগের 'বাংলারমুখ' নামক একটি গ্রুপের নেতকর্মী বলে অভিযোগ করছেন তপু গ্রুপের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তপু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কয়েকজনকে নিয়ে রব হলের সামনে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় কিছু মুখোশধারী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তপুর শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তপুকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পরপরই তপু গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন। তারা এ সময় বাংলারমুখ গ্রুপের নেতাকর্মীদের খুঁজতে থাকেন। এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি অালমগীর টিপু বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেড