বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে পাচারকালে মুক্তা খাতুন (১৩) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভাল চাকরির প্রলোভন দেখিয়ে মুক্তাকে অবৈধ পথে ভারতে পাচারের অভিযোগে রাবেয়া শেখকে (১৯) আটক করা হয়।
সাদিপুর সীমান্তের ডাক্তারবাড়ী পোস্ট এলাকা থেকে মঙ্গলবার রাত ১টার দিকে তাকে উদ্ধার করা হয়।
মুক্তা খাতুন নড়াইলের কালীনগর গ্রামের মুক্তার গাজীর মেয়ে। আটক রাবেয়া শেখ একই জেলার কালিয়া উপজেলার মহিষাখোলা গ্রামের মিরাজ শেখের স্ত্রী।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার আইয়ুব আলী সরকার জানান, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ভারতে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় রাবেয়া শেখ নামে এক নারী পাচারকারীকে। বেনাপোল পোর্ট থানায় এ বিষয়ে মামলা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, বিজিবির হাতে উদ্ধার হওয়া মুক্তা ও আটক রাবেয়াকে বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
কেএইচ





