সিলেট নগরীতে পুলিশবাহী দুটি গাড়িতে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ সদস্যসহ দুই জন আহত হয়েছেন। রোববার সকাল ৬টা ৪০ মিনিটে নগরীর শেখঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে নগরীর মিরের ময়দানস্থ পুলিশ লাইন থেকে একটি লেগুনা ও একটি টেম্পুযোগে কয়েকজন পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালনে যাচ্ছিলেন। গাড়িটি শেখঘাট পয়েন্টে আসামাত্র দুর্বৃত্তরা গলির ভেতর থেকে বের হয়ে এসে গাড়ি দুটির গতিরোধ করে।

পরে তারা লাঠিসোটা ও রাম দা নিয়ে পুলিশের উপর চড়াও হয় এবং গাড়ি ভাঙচুর করে। এ সময় এক পুলিশ সদস্য ও একজন চালক আহত হন। ঘটনার পর দ্রুত সটকে পড়ে তারা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) আসাদুজ্জামানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘুমিয়ে আছেন বলে জানান এবং বিরক্ত হয়ে ফোন কেটে দেন।

কেএইচ