গাজীপুর মহানগরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-গাজীপুর সড়কে একটি লেগুনায় ( হিউম্যান হলার) আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে পুলিশ এবং স্থানীয়রা আগুন নেভায়। আগুনে লেগুনার অধিকাংশ অংশ পুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-গাজীপুর সড়কে জয়দেবপুর চৌরাস্তাগামী একটি লেগুনায় আগুন দেয় হরতাল-অবরোধকারীরা। পরে স্থানীয়রা এবং পুলিশ আগুন নেভানো শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। আগুনে কেউ আহত হয়নি।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

ইআর