একদিকে চলছে জামায়াত-শিবিরের হরতাল। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে কুষ্টিয়ায় পরিবহণ ধর্মঘট।
চার দফা দাবি আদায়ে কুষ্টিয়াসহ খুলনা বিভাগে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট চলছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো এই ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট চলাকালে কুষ্টিয়া থেকে সকল রুটে কোনো ধরনের যানবাহন ছেড়ে যায়নি। ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
পরিবহণ ধর্মঘট সফল করতে সকালে কুষ্টিয়ার মটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নসহ পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীরা মজমপুর গেটে বিক্ষোভ মিছিল বের করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, হরতালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াত শিবিরের ৫ নেতা কর্মীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।
হরতাল এবং পরিবহণ ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের হয়রানি হতে হচ্ছে। সাধারণ যাত্রীরা অনেক কষ্ট করে তাদের গন্তব্য স্থানে যাচ্ছে বলে জানা গেছে।
গত ২৭ ডিসেম্বর কুষ্টিয়ার মজমপুর গেটে পরিবহণ শ্রমিকদের তিন বছরের পরিবর্তে সাত বছরের সশ্রম কারাদণ্ডে বিধান, লাইসেন্সের নামে বিআরটিএর হয়রানি, ফেরিঘাটে সিরিয়ালের নামে শ্রমিক হয়রানি ও হাইওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
জেআই





