আবারও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

গত কয়েকদিন ধরে হাসপাতালের ভেতরে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা।

রোববার দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে এসব তথ্য জানা যায়।

সাংবাদিকরা বলেছেন, ঢামেক হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের নির্দেশেই হাসপাতালের ভেতর সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো ছবিও তুলতে দেওয়া হচ্ছে না।

সাংবাদিকরা আরো জানান, কোনো ব্যাপারে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে তিনি সহকারী পরিচালককে দেখিয়ে দিয়ে দায় এড়িয়ে যান। তিনি বলেন, ‘ওখানে যান, সেখানে যান। আমি কিছু বলতে পারবো না।’

এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বেশির ভাগ চিকিৎসক চলে গেছেন। রোগী অনেক তবুও স্বল্পসংখ্যক নার্স ও চিকিৎসক দিয়েই হাসপাতাল পরিচালিত হচ্ছে। এ খবর যাতে গণমাধ্যমে প্রকাশ না পায় সেজন্যই হাসপাতালের ভেতরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে বলে অনেকে অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্যামেরাম্যান জানান, হাসপাতালের ভেতরে ছবি তুলতে গেলে সিসি ক্যামেরার মাধ্যমে দেখে তাৎক্ষণিকভাবে ধরে নিয়ে যাওয়া হয়। পরিচালকের রুমে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। এরপর ক্যামেরা নিয়ে ছবিগুলো মুছে দেওয়া হয়। একইভাবে রিপোর্টারদের ক্ষেত্রেও নাকি একই অবস্থা। তাদেরও নানাভাবে মানসিক নির্যাতন করা হয়।

এ ব্যাপারে মিজানুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কেএইচ