মার্কেট খোলার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মঙ্গলবার (০৬ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে দুই শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ ও মানববন্ধন করেন।
এ সময় ব্যবসায়ীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলে দেয়া হয়। নইলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে।
তারা আরও বলেন, এ লকডাউন আমরা মানি না। গত বছর লকডাউনে আমরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছি। স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানলে সামনে আমরা কঠোর আন্দোলনে যাব।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যান। তবে এ সময় পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। গতকালও মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।





