হরতালের সমর্থনে কুড়িগ্রামে পুলিশি বাধা উপেক্ষা করে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট।
বুধবার সকালে শহরের ঘোষপাড়া থেকে বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এসময় পুলিশ বাধা দিলে শহরের জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, প্রাক্তন এমপি উমর ফারুক, সহসভাপতি সফিকুল ইসলাম বেবু ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। বক্তারা অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করেন।
অন্যদিকে সকালে হরতালের সমর্থনে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ কালে পুলিশ বাধা দেয়। পরে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের ৮ জেলায় হরতাল পালিত হচ্ছে।
জেআই





