রাজধানীর মুগদা এলাকায় খালে পড়ে যাওয়া শিশু হৃদয়ের লাশ পাওয়া গেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে তিন বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মিজানুর রহমান এ কথা জানান। তিনি বলেন, ১৫ অক্টোবর বিকেলে সাঁকো দিয়ে খাল পার হতে গিয়ে পানিতে পড়ে যায় হৃদয়। ওই দিন সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে চেষ্টা চালান।

ডুবুরিসহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট সাত দিন চেষ্টা চালিয়ে আজ দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে। উদ্ধারের পর হৃদয়ের লাশ মুগদা থানা-পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মুগদার মদিনাবাগ লাগোয়া খালের ওপর দিয়ে ১৫ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে যায় হৃদয়। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে।

কিন্তু এর আগেই ময়লার নিচে পানিতে তলিয়ে যায় হৃদয়। ওই দিন সন্ধ্যা থেকে তাকে উদ্ধারে অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এমএ