জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় একজন ভ্যান চালক নিহত ও দুই পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। আজ দুপুর দেড়টায় এ দূর্ঘটনা ঘটে। আহতদেরকে জাবি মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আরমান হোসেন (৪৮) কুষ্টিয়া জেলার সদর উপজেলার মৃত ফরহাদ শেখের ছেলে। আহতরা হলেন, পিএসসি পরীক্ষার্থী মমিনুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিবিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী মো. রিপন ও তার সাথে থাকা অভিভাবক সালমান হোসেন।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শামীন ইয়াসির শাফিন জানান, দুপুর দেড়টার দিকে গুলিস্তান থেকে ধামরাইগামী ‘ডি লিংক’ পরিবহনের একটি বাস (ঢাকা-জ ১৪০১৫২) প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের স্পীড ব্রেকার বেপরোয়াভাবে দ্রুত গতিতে অতিক্রম করার সময় একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু ঘটে।

এসময় বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা ৩ জন গুরতর আহত হন। এরপর ঘটনাস্থলে থাকা উপস্থিত লোকজন তাদেরকে জাবি মেডিক্যাল সেন্টারে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস প্রাথমিকভাবে ভ্যানচালক আরমান হোসেনের মৃত্যু নিশ্চিত করেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম টাইমনিউজকে জানান,গাড়ির চালককে  আটক করা যায়নি । গাড়ি উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে নিহতের আত্মীয়রা মামলা না করলে আমরা বাদী হয়ে মামলা দায়ের করবো।

রাইয়ান/নাজিব