আরিচা-কাজিরহাট রুটে দীর্ঘদিন পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আরিচা-কাজিরহাট রুটে ফেরি সার্ভিস চালাচলের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে যাতায়াতকারী জনসাধারণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপহারস্বরুপ আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়।

আরিচা-কাজিরহাট রুটে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে পাবনার বেড়ায় কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুল হক টুকু, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুর রহমান আরজু, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহিম লাল, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো: তাজুল ইসলাম প্রমুখ।


পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পাবনার নগরবাড়ীতে নবনির্মিত বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা পরিদর্শন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুল হক টুকু, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক রফিক আহম্মদ সিদ্দিক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো: তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং পাবনা মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন মো: তৌফিকুল ইসলাম।

এমবি