ফেনীর সোনাগাজীতে সাঁতরে নদী পার হতে গিয়ে এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের সওদাগরহাট খেয়াঘাটসংলগ্ন ছোট ফেনী নদীতে গত শুক্রবার রাত ৮টার দিকে তারেক হাসান রুবেল (২০) নিখোঁজ হন। তিনি বসুরহাট মুজিব কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত রুবেলের বড় ভাই রিপন জানান, তার বাবা আবদুল্লাহ মিন্টু ও ভাই রুবেল ছোট ফেনী নদী পার হওয়ার জন্য খেয়াঘাটে যান।

নদী পার হতে ১০ টাকা ভাড়ার স্থানে মাঝি আবদুল হাদি ৫০০ টাকা দাবি করেন। দর-কষাকষির একপর্যায়ে রুবেল ৩০০ টাকা দিতে রাজি হলেও মাঝি তার দাবিতে অনড় থাকেন।

একপর্যায়ে রুবেল সাঁতার কেটে নদী পার হওয়ার প্রস্তুতি নিলে বাবাও তার সঙ্গে সাঁতরে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন।

সাঁতরে নদী পার হওয়ার সময় বাবা তীরে উঠতে সক্ষম হলেও রুবেল স্রোতের টানে নিখোঁজ হন।

তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার বাবা একজন দরিদ্র কৃষক। তার কাছে ৫০০ টাকা অনেক বড় ব্যাপার। কিন্তু অনেকের কাছেই এর মূল্য খুবই সামান্য। অথচ এই সামান্য ৫০০ টাকার জন্য আমার ভাইকে জীবন দিতে হলো।’

এদিকে, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ রাতভর রুবেলকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

শনিবার সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে ছোট ফেনী নদীতে ডুবুরি নামিয়েও তাকে উদ্ধার করা যায়নি। পরে এলাকাবাসীরা নিজ উদ্যোগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ মুছাপুর রেগুলেটর এলাকা থেকে রুবেলের লাশ উদ্ধার করেন।

এমকে