মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজের রায় নিয়ে মন্তব্য করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন গত ০৫ মে খারিজ করে তার রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ ঘটনায় গত ০৬ মে এক বিবৃতিতে উদ্বেগ জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া অনুসরণ করছি।’
এমই





