মাগুরা শহরতরীতে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে আকামত মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরতরীর বরুনাতৈল পশ্চিম পাড়া গ্রামে এই এই ঘটনা ঘটে।

নিহত আকামত বরুনাতৈল গ্রামের মৃত মোবারক মোল্লার পুত্র। তিনি মাগুরা পুরাতন বাজারে শ্রমিকের কাজ করতেন।

নিহতের ছেলে নাসিরুল হোসেন মোল্লা জানান, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তার বাবা বাড়ির সামনে আলাউদ্দিনের দোকানে চা খেতে যান। এ সময় প্রতিবেশি জালাল শেখ (জালার) পুত্র এশা শেখ হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে তার বাবা আকামতের বুকে ছুরি দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনা স্থলে উপস্থিত লোকজন আমার বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, হাসাপাতালে আসার আগেই আকামতের মৃত্যু হয়। নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহৃ রয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকান্ডের কারণ ও অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩৫/৬৩ তারিখ ২৫/০২/২০২১ইং, ধারা ৩০২।

সাইফুল্লাহ/এমবি