বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহেদ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সংগঠনটির ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক জানান তারা।

বিবৃতিতে বলা হয়, মরহুম অধ্যাপক শাহেদ আলী সাংগঠনিক জীবনে বৃহত্তর ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

শাহেদ আলী ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনে শামিল থেকে এ দেশে ইসলামী শাসন কায়েমের জন্য সংগ্রাম করে গিয়েছেন। তিনি কলেজের একজন অধ্যাপক হিসেবে শিক্ষা বিস্তারের জন্য নিজেকে সারাজীবন নিয়োজিত রেখেছিলেন বলে বিবৃতিতে জানানো হয়।

গত ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন অধ্যাপক শাহেদ আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)।

তার বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দউ পুত্র ও চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। ২৪ ফেব্রুয়ারি বাদ যোহর ফরিদপুর শহরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

কেএইচ