মামলার কারণে পাবনা জেলার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা জহুরুল ইসলাম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।


রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সবুর হোসেন স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসককে বিষয়টি অবগত করা হয়।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিমুন রাজীব উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের একটি ফ্যাক্সবার্তা পেয়েছি।

প্রজ্ঞাপনা বলা হয়েছে, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম খানের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মামলা নং ৬, তারিখ-২১-০২-২০১৪, ধারা-আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৪/৫ বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হয়।

এর পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদ আইন ১৯৯৮, উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ ধারা সংশোধিত এর ধারা ১৩ (খ) (৯) অনুসারে আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর জহুরুল ইসলাম সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করেন।

জেআই