মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন মানিক মুহাম্মদ নামের এক সাংবাদিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সদস্য ও রেডিও টুডের (৮৯.৬ এফএম) বর্তমান স্টাফ রিপোর্টার। তিনি শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। মলম পার্টির সদস্যরা তার কাছে থাকা নগদ ৫০০০ টাকা, ২টি মোবাইল, রেডিও টুডের বুম রেকর্ডার এবং ঈদের কেনাকাটা করা জামা-কাপড় হাতিয়ে নেয়।

আহত সাংবাদিক মানিক মুহাম্মদ জানান, মঙ্গলবার রাতে ফার্মগেট থেকে কেনাকাটার পর মিরপুর ১০ নাম্বারে যান তিনি। রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে আসার সময় বাসের মধ্যে হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি তার চোখে মলম লাগিয়ে দেয়। এরপর আর কিছুই মনে ছিলনা তার। পরে তাকে মিরপুর ১২ নাম্বারে একটা দোকানের পাশে পাওয়া যায়।

এদিকে রাত সাড়ে ১২ টার পর থেকে ফোন বন্ধ পাওয়ায় তার বন্ধুরা চিন্তিত হয়ে আশেপাশে খোঁজখবর নিতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে একটি অচেনা নাম্বার থেকে তার বন্ধুর কাছে ফোন করে ওই সাংবাদিক। পরবর্তীতে বুধবার দুপুরে তার কয়েকজন বন্ধু ঘটনাস্থলে গিয়ে মানিককে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে তার এক বন্ধু জানান, রাত সাড়ে ১২টার পর থেকেই মানিকের মোবাইল বন্ধ পাওয়া যায়। যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে একটি অচেনা নাম্বার থেকে ফোন করে মিরপর ১২ নাম্বারে আছে বলে মানিক জানালে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ