পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে কয়লা হয়ে গেছে ২১ জনের দেহ। যার কারণে মরদেহ আত্মীয়-স্বজন থেকে শুরু করে কেউই শনাক্ত করতে পারছেন না।
আজ (২১ ফেব্রুয়ারি) শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে ডিএমপি’র বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার এইসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ২১টি মরদেহ বেশি পুড়ে গেছে। এগুলো কোনোভাবেই শনাক্ত করা সম্ভব হয়নি। যারা দাবিদার আছে তাদেরকে দেখানো হয়েছে। কিন্তু শনাক্ত করা যায়নি।
তিনি বলেন, এইসব লাশ হস্তান্তরে এখন একমাত্র উপায় ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট ছাড়া এগুলো হস্তান্তর করা সম্ভব হবে না।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা সব মরদেহ থেকে ডিএনএ টেস্টের জন্য প্রয়োজনীয় উপাদান, হাড়, দাঁত, মাংস সংগ্রহ করছি। এখন আত্মীয়-স্বজন যারা দাবিদার আসছে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।
ইতোমধ্যে ১৩ জন দাবিদার এসেছেন। এর মধ্যে পাঁচজনের ডিএনএ নমুনা সংগ্রহ শেষ হয়েছে বলে জানান পুলিশ সুপার রোমানা।
এমবি





