পূর্ব শত্রুতার জের ধরে ঈদের রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদায় এক জামায়াত নেতার ৩৩ শতাংশ জমির কলাবাগানের পুরোটাই কেটে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতার লোকজন।

পবিত্র ঈদুল ফিতরের দিন মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ঈদের রাতে উপজেলার সেনেরহুদা গ্রামের উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি জাফর আলীর ১০-১২ জন নেতা-কর্মী একই গ্রামের একরাম আলীর ছেলে জামায়াত নেতা ফিরোজ হোসেনের ৩৩ শতাংশ জায়গার কলাবাগান কেটে দিয়েছে।

জামায়াত নেতা ফিরোজ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা জাফর আলীর নির্দেশে আমার ৩৩ শতাংশ জায়গার কলাবাগান কেটে দিয়েছে তার নেতা-কর্মীরা।

গত শনিবার রাতে একই গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদের ট্রাক্টর পুড়িয়ে দিয়েছিলো আওয়ামী লীগ নেতা জাফরের লোকজন।

আওয়ামী লীগ নেতা জাফর আলীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

জীবননগর থানার ওসি ইকবাল আহম্মেদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি তার জানা নেই।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম// এসআর