কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-ছাত্রদল ও শিবির মুখোমুখি অবস্থান নিয়েছে। চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাত্রদল ও শিবিরকর্মীদের উপর ছাত্রলীগকর্মীরা হামলার চেষ্টা করলে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে চকরিয়া কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ছাত্রদল-ছাত্রশিবির মিছিল ও সমাবেশ করে। পরে ছাত্রলীগকর্মীরা এসে তাদের উপর হামলার চেষ্টা করে। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এদিকে, এর প্রতিবাদে তাৎক্ষণিক শিবিরকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেড দেয়। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে আবারও উত্তেজনা দেখা দেয়। এসময় ছাত্রলীগকর্মীরাও পুলিশের সঙ্গে জড়ো হয়।

জেলা ছাত্রশিবির সেক্রেটারি আজিজুর রহমান জানান, শিবিরের শোডাউন শেষে নেতাকর্মীর চলে যাওয়ার সময় ছাত্রলীগকর্মীরা হামলার চেষ্টা করে। এতে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।

চকরিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র বলেন, কয়েকটি ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজিবিডি.কম, জেএ