সাভারের ভাগলপুর এলাকা থেকে রুমা আক্তার (২০) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাজু মিয়াকে আটক করা হয়েছে।
ভাগলপুর বালুঘাট এলাকার আব্দুল জলিলের ভাড়াটে বাসার একটি কক্ষ থেকে শনিবার সকালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত রুমা আক্তার নওগাঁ জেলার মহাদেবপুর থানার মইজুদ্দিনের মেয়ে ও একই এলাকার সাজু আহাম্মেদের স্ত্রী। তিনি স্থানীয় জেকে গার্মেন্টসে সুইং সহকারী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল মিয়া জানান, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহ থাকায় নিহতের স্বামী সাজু আহাম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেএইচ





