যশোর পৌরসভার ১৩০ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা প্রতিষ্ঠার পর এটিই বৃহৎ বাজেট।

মঙ্গলবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে মেয়র মারুফুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন। এ সময় কাউন্সিলরগণ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা করে মেয়র মারুফুল ইসলাম বলেন, যশোর পৌরসভা এডিবির আর্থিক সহায়তায় সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আরো দেড়শ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হবে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে যশোর পৌরসভার চেহারা পাল্টে যাবে।

মেয়র জানান, শহরে কয়েকটি প্রবেশদ্বার নির্মাণের কাজ শুরু হচ্ছে। সৌন্দর্য বর্ধণের জন্য চারখাম্বা মোড় ও বারের মোড়ে ২টি সুদৃশ্য স্থাপনা নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। পৌরপার্ক আধুনিকায়নে ১৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ