চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের ৬২ নেতাকর্মী জামিন পেয়েছেন। জেল হাজতে প্রেরণের একদিন পর জামিন পান তারা।

মঙ্গলবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এসব ছাত্রলীগ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত রোববার ছাত্রলীগের ভিএক্স গ্রুপ এবং সিএফসি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও হল দখল নিয়ে গুলিবিনিময় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল এবং শাহ আমানত হলে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ৬৪ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এদের মধ্যে দুই জনকে হত্যা মামলায় এবং অপর ৬২ জনের ১৫১ ধারায় অভিযোগ এনে সোমবার আদালতে হাজির করা হলে আদলত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মঙ্গলবার এই ছাত্রলীগ নেতাকর্মীদের জামিনের আবেদন করা হলে হত্যা মামলায় গ্রেফতার দেখানো দুই আসামি ছাড়া অপর ৬২ জন নেতাকর্মীকে জামিন দেন আদালত।

কেএইচ