ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৪ জন এবং ১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে ৩ জন ময়মনসিংহের এবং একজন শেরপুরের।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯২ জন। এর মধ্যে ১৩ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় একদিনে ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।

এমবি