মৌলভীবাজারে আব্দুল্লাহ হাসান (১৩) নামে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ৯ দিন পর গতকাল রোববার সন্ধ্যায় বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজারের পার্শ্ববর্তী আরব আলীর টিলা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ হাসান বড়লেখা উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং সিলেট দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমির ৯ম শ্রেণির ছাত্র।
জানা যায়, গেলো ১৮ জানুয়ারি হাসান বাড়ির পাশে মোহাম্মদনগর বাজারে যায়। রাত ১০টার পরও সে বাড়ি ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার পরের দিন সকালে তার মা নাজমা আক্তার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, নিখোঁজের জিডি করেছিলেন তার মা। এরপর থেকে আমরাও তাকে খুঁজেছিলাম। স্থানীয়ভাবে খবর পেয়ে সেখানে যাই। মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিখোঁজের প্রথম দিনই ছেলেটিকে হত্যা করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
জেড





