৬ মার্চ উদীচী ট্র্যাজেডি দিবস। উদীচীর সেই ভয়াবহ ট্র্যাজেডির ১৬তম বর্ষপূর্তি আজ শুক্রবার। ১৯৯৯ সালের এই দিনে যশোর টাউন হলে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১০ জন নিহত ও শতাধিক শিল্পী ও সংস্কৃতিকর্মী আহত হন।
কিন্তু চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ১৬ বছর পার হলেও হামলাকারীদের শাস্তি হয়নি। এই ঘটনায় মামলা হলেও বিচার কাজ শেষ হয়নি এখনও। ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ঘাতকরা।
মামলায় একবার সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। সেই রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে চার বছর আগে; যা এখনো ফাইলবন্দী। তাই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাটির বিচার নিয়ে হতাশ ক্ষতিগ্রস্তরা।
১৯৯৯ সালের ৬ মার্চ মধ্যরাতে যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষদিন মঞ্চের কাছে পর পর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়।
এই ঘটনা ছিল বাংলাদেশে ভয়াবহ বোমা হামলার প্রথম ঘটনা। এর পর রমনা বটমূল, ময়মনসিংহে সিনেমা হলসহ বিভিন্ন স্থানে একই ধরনের বোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা ঘটে।
উদীচীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে আহত শতাধিক মানুষ; যাদের অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন।
এমকে





