রংপুরে মডার্ন মোড়ে র্যাব শনিবার অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ লাকড়িবোঝাই একটি পিকআপ আটক করেছে। এসময় গাঁজা বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
দুপুর ২টায় র্যাব-১৩ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের গাঁজা আটকের বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, এএসপি মিজানুর রহমান ভূঞার নেতৃত্বে র্যাবের একটি দল লালমনিরহাট থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসা লাকড়িবোঝাই পিকআপ আটক করে। তল্লাশি চালিয়ে ১০টি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা গাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় গাঁজা বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটক গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
আটকৃতরা হলেন- রাজশাহী জেলার অনুপম গ্রামের বাসিন্দা পিকআপচালক মঞ্জুর রহমান, গোবিন্দপুর গ্রামের সুজন আলী ও চারঘাট বাবুপাড়া গ্রামের কিশোর রুদ্র হাসান। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে আসামিদের পুলিশে সোপর্দ করা হয়।
প্রেস ব্রিফিং-এ আরও জানানো হয় আটক আসামি রুদ্র হাসানের বয়স কম হওয়ায় তাকে কিশোর শোধনাগারে পাঠানো হবে। প্রেস ব্রিফিংয়ের সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





