কক্সবাজারের টেকনাফের নাফ নদীর একটি পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৩টি নৌকা ও উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৬ জন নারী, পুরুষ ও শিশুদের ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে নাফ নদীর শূন্যরেখা ও উখিয়া বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে এসব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত সময়ে উখিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে ৭৬ জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি’র সদস্যরা। এরমধ্যে ১৩ জন পুরুষ, ২৪ জন নারী ও ৩৯ জন শিশু ছিল। এরা প্রত্যেকেই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল।

এ নিয়ে চলতি মাসের ৩০ ডিসেম্বর পর্যন্ত ৩৪০ জন নারী, পুরুষ ও শিশুদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

এদিকে, বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, নাফনদীর একটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ৩টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় জলসীমার শূন্য রেখায় এদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

চলতি মাসে এই পর্যন্ত টেকনাফ নাফ নদীর জলসীমানায় অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহি ২৩১টি নৌকা ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

মাহমুদ