বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অভিযোগে ২৫ জন ভারতীয় জেলেকে দু'টি ট্রলার ও ৪০ মণ মাছসহ আটক করেছে নৌবাহিনী।
মংলা থানার উপপরিদর্শক মঞ্জুর এলাহী জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মংলা বন্দরের ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটকের পর রাতে মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন- অনিল দাস, রুহি দাস, লিটন দাস, মনবাসী দাস, নান্নু দাস, শংকর দাস, নিবেদন দাস, লক্ষ্মণ দাস, শ্যামল দাস, জগমোহন দাস, গৌরাঙ্গ দাস, সুবাস দাস, গৌরাঙ্গ দাস, মনোহরি দাস, হরিরাম দাস, জ্যোতিষ দাস, অনিল দাস, লিটন দাস, যাত্রা দাস, শ্রীরাম দাস, গোপাল দাস, রায় মোহন দাস, ভগিরত দাস ও কালাচাঁদ দাস।
এসআই মঞ্জুর জানান, এদের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।
তিনি বলেন, সমুদ্রে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর জাহাজ বিএনএস সুরমার সদস্যরা ‘এফবি মা গৌরী-২’ ও ‘সরস্বতি’ নামে দুটি ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করেন।
নৌবাহিনীর পেটি অফিসার এম ইকবাল হোসেন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান এসআই এলাহী।
এআর





