গাজীপুরের জয়দেবপুর জংশনে বৃহস্পতিবার সকালে তুরাগ ট্রেনে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই জংশনের নিজস্ব ব্যবস্থায় এবং যাত্রীরা আগুন নেভায়।

আগুনে ট্রেনের দুটি সিট পুড়ে গেছে। এতে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি। এই ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।

তুরাগ ট্রেনের যাত্রী সূত্রে জানা গেছে, ঢাকা-গাজীপুর রুটের তুরাগ ট্রেনটি ঢাকা থেকে সকাল সাড়ে ৬টার দিকে জয়দেবপুর জংশনে এসে থামে। যাত্রীরা ওঠবে এমন সময় ট্রেনের পেছন দিক থেকে দ্বিতীয় বগিতে আগুন দেখা যায়।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তার নাম মমিন (২৫)। সে গাজীপুর জেলা শহরের জোড়পুকুরপাড় এলাকার নূরুন্নবীর ছেলে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, জংশনে নিজস্ব ব্যবস্থায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে ট্রেনের দুটি সিট পুড়েছে।

ইআর