মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাস্তার পাশে ফেলে রাখা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকার খাদে পড়ে একই পরিবারের দুই জা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের দেবর ও প্রাইভেটকারের চালক।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোফানা আক্তার (৪৫) ও তাঁর ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৫৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোফানা ও শিউলি জুড়ী থেকে কুলাউড়া আসার পথে আছুরিঘাট এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এতে চারজন হতাহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের দেবর তোফায়েল আহমেদ চৌধুরী ও গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমআর