চাঁপাইনবাবগঞ্জ জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে জেলা যুবদল।
গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো জেলা যুবদলের সভাপতি ওবায়েদ পাঠান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘শিবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম হায়দারীর কানসাটের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের তল্লাশির নামে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এর প্রতিবাদে হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।’
তবে কখন এই হামলা চালানো হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি ওবায়েদ পাঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিকে শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা অস্বীকার করে জানান, শিবগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী এবং প্রায় ১০টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম হায়দারীর বাড়িতে রোববার রাতে যৌথবাহিনী অভিযান চালায়। সেখানে ভাঙচুর বা অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।
এমকে





