বাংলাদেশ সেনাবাহিনী কৌশল ও প্রযুক্তিগত দিক থেকে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি দক্ষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার দুপুর ১টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপ্তি ও অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আজকের সেনাবাহিনী অবকাঠামো, কৌশল ও প্রযুক্তিগত দিক থেকে অতীতের যেকোনো সময়ের চেয়ে উন্নত, স্বয়ংসম্পূর্ণ, চৌকস ও পেশাগতভাবে দক্ষ।’
এর আগে সকাল ১১টার দিকে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করনে ও বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে গড়ে তোলার দায়িত্ব সবার। আসুন আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলি। আগামী প্রজন্মের ভবিষৎ গড়ার জন্য আমরা পরিকল্পনা করেছি। তাদের জীবন সুন্দর করার জন্য ডেল্টা প্লান ২১০০ আমরা বাস্তবায়ন করছি।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা যুগোপযোগী করতে চাই, আন্তর্জাতিক মানসম্পন্ন করতে চাই। তিনি যখন মিলিটারি একাডেমির উদ্বোধন করেন, তখনই বলেছিলেন, এই মিলিটারি একাডেমি একসময় বিশ্বে মানসম্মত হবে এবং বিশ্ব তাকিয়ে দেখবে।
আজ সত্যিই সারা বিশ্বের মানুষ আমাদের মিলিটারি একাডেমির দিকে তাকিয়ে থাকে এবং প্রশংসা করে। এবং অনেক দেশই আজ এখানে প্রশিক্ষণ নিতে আসে।’ এ সময় দেশকে ভালোবেসে সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আমাদের সশস্ত্র বাহিনী দক্ষতার সঙ্গে ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রত্যেকটা দেশই, যেখানে আমাদের সশস্ত্র বাহিনী যায়, তারা প্রশংসা করে। পৃথিবীর বিভিন্ন দেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে আমাদের সেনাবাহিনীকে কাজ করতে হয়।
কাজেই আমি সব সময় চাই, আমাদের সেনাবাহিনীও সব সময় আধুনিক জ্ঞানসম্পন্ন হবে, সুপ্রশিক্ষিত হবে।’ এ সময় জ্যেষ্ঠদের আদেশ মান্য করার পাশাপাশি অধস্তনদের প্রতি যত্নবান থেকে শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদ্য কমিশন পাওয়া সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এর আগে শুরুতেই প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর কমিশন পাওয়া সেনা কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজ পরিদর্শন শেষে ৭৭তম দীর্ঘমেয়াদি কোর্সের প্রশিক্ষণে সফল হওয়া ২৬৫ সেনা কর্মকর্তার সালাম গ্রহণ করেন তিনি।
কমিশন পাওয়া নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে ২৯ জন সৌদি, একজন ফিলিস্তিনি ও একজন শ্রীলঙ্কার সেনা কর্মকর্তা রয়েছেন।
এবার ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাবির নেওয়াজ শাওন ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হয়ে সোর্ড অব অনার লাভ করেন।
এ ছাড়া কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার বরকত হোসেন সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনীপ্রধান স্বর্ণপদক অর্জন করেন।
এএস





