ফরমালিনের বিরুদ্ধে অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হলে আগামী সোমবার থেকে সকল প্রকার ফল আমদানি বন্ধের হুমকি দিয়েছে ঢাকা মহানগর ফল আড়তদার আমদানিকারক ব্যবসায়ী সমিতি।
গতকাল সকালে রাজধানীর বাদামতলীতে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সিরাজুল ইসলাম দাবি করেন, ভ্রাম্যমাণ আদালত ফরমালিনমুক্ত অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি ও পুঁজি ধ্বংস করছে। একের পর এক অভিযানে ফল ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসতে চলেছেন। এ অবস্থায় তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিশ্বাসযোগ্যতা নিয়ে অভিযোগ করে তিনি বলেন, অভিযানে প্রাথমিক পরীক্ষায় ফরমালিনের উপস্থিতির বিষয়ে সন্দেহ হলেই ফল নষ্ট করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। ফরমালিনের উপস্থিতি পাওয়া গেলে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে।
তিনি বলেন, প্রতিবছর রমজানকে সামনে রেখে খেজুর ও ফলের চাহিদা মেটানোর জন্য ব্যবসায়ীরা বিশেষ প্রস্তুতি নেয়। এ বছরও এমন প্রস্তুতির সময় বিতর্কিত যন্ত্রের মাধ্যমে ফলে ফরমালিন পরীক্ষা শুরু করা হয়েছে।
সিরাজুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ যে মেশিন দিয়ে ফরমালিন পরীক্ষা করছে- সে মেশিন ফরমালিন পরীক্ষার মেশিন নয়।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির নেতারা অংশ নিয়ে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। তারা বৃহস্পতিবার থেকে সব ফলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন।
এ ছাড়া আজ সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীতে পাইকারি ফলের দোকান বন্ধের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে।
তিনি বলেন, ফরমালিন পরীক্ষার নামে ফল ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা না হলে বন্দর থেকেও ব্যবসায়ীরা কোন মাল গ্রহণ করবে না।
উল্লেখ্য, ১১ই জুন থেকে ঢাকা শহরের আটটি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে ফলের ট্রাকে ফরমালিন পরীক্ষার কার্যক্রম চলছে। পরীক্ষায় ফরমালিন ধরা পড়লে ট্রাকভর্তি ফল সঙ্গে সঙ্গে নষ্ট করা হচ্ছে।
ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





