মিয়ানমার থেকে চোরাই পথে এ পারে আনার সময় ৮টি গরু আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন।
গত শুক্রবার রাত ১২টার দিকে উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী আশারতলী-জারুলিয়াছড়ি এলাকা থেকে এসব গরু আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের সুবেদার অসিত কুমার নন্দীর নেতৃত্বে টহলদল জারুলিয়াছড়িতে অভিযান চালিয়ে এসব গরু আটক করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গহীন অরণ্যে গাঁ ঢাকা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক গরুগুলো জনৈক গফুর সিন্ডিকেট মিয়ানমার থেকে অবৈধভাবে আনছিল।
জারুলিয়াছড়ি, আশারতলী, চেরারকুল এলাকার অন্তত ৩০ জনের একটি সিন্ডিকেট মিয়ানমার থেকে ইয়াবা, গরু অবৈধভাবে আনার কাজে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আটক গরুর বিষয়ে যাচাই বাছাই করার জন্য ব্যাটেলিয়ন সদরে রাখা হয়েছে। তবে প্রভাবশালী একটি মহল বসতবাড়ির পালিত গরু অজুহাতে ছাড়িয়ে নিতে তৎপর রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে সীমান্তের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন।
এদিকে একই দিন আশারতলী বিজিবি শামসুল আলম (৩৫) ও মোঃ হোসেন (২৫) নামে দুই রোহিঙ্গা নাগরিক আটক করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সুত্র নিশ্চিত করেন।
মানিক/জেড





