গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া গ্রামে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে নয়াপাড়া গ্রামের বোরহান মিয়ার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে কী কারণে, কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম দুইজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থলে যাচ্ছি। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কিছু বলা যাচ্ছে না।”
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার কারণ এখন বলা যাচ্ছে না। এখানে সিআইডির দল ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
এমবি





