সাংবাদিকরা জনমত সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখেন বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন, গুণীজন ও কৃতী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বর্তমানে কিছু সাংবাদিক নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে এ পেশার মর্যাদা নষ্ট করছেন। আমৃত্যু সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র।

চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল। প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

অনুষ্ঠানে ইউএসটিসির উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়াকে গুণীজন সংবর্ধনা এবং জনকণ্ঠের উপ সম্পাদক মোয়াজ্জেমুল হক, দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ, ইপিবির সম্পাদক মোস্তাফা কামাল পাশা, দৈনিক পূর্বকোণের সিনিয়র সহ-সম্পাদক শাহীন আরা বেগমকে (ডেইজি মউদুদ) কৃতী সাংবাদিক সংবর্ধনা দেওয়া হয়।সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ।

শুভেচ্ছা বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিক, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য প্রমুখ।

মাসুম/এমআর