কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিয়ামত আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

এ ঘটনায় চালকসহ আরও পাঁচ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বনানী বিড়ি কারখানার নিকট এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার সোনাইকুড়ি থেকে শ্যালো ইঞ্জিনচালিত আলগামনে করে আল্লারদর্গা বাজার যাচ্ছিলেন নিয়ামত আলী। বনানী বিড়ি কারখানার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে চালকসহ পাঁচ যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে নিয়ামত আলীকে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত নিয়ামত আলী উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমআইএস