নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির নয় কর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেত ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক বই এবং সরকারবিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয় বলে অভিযোগ করেছে পুলিশের। 
খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে খিলক্ষেত এলাকায় কয়েকটি মেসে অভিযান চালিয়ে এসব বই, রাষ্ট্রবিরোধী ব্যানার, পোস্টার ও পত্রিকাসহ হিযবুত তাহরির আট জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন-আলামিন (২০), মো. সাইফুল্লাহ (২৪), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ইব্রাহিম শেখ (২০), মো. আতাউর রহমান (২০), মো. মাহবুবুর রহমান (২০), মো. জিহাদ ইসলাম (২১) ও মো. আব্দুল কাইয়ুম (২১)।
আটককৃতরা আলিয়া মাদ্রাসা, সরকারি তিতুমীর কলেজ ও খিলক্ষেত মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
বর্তমান সরকারকে উৎখাত করে এদেশে নিজেদের মতাদর্শের ইসলাম প্রতিষ্ঠায় তারা কাজ করছেন বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, কলাবাগানের বশিরউদ্দিন রোডে জুমার নামাজ শেষে প্রচারপত্র বিলি করার সময় সোহাগ হাফিজ (৩২) নামে হিযবুত তাহরির আরেক সদস্যকে আটক করা হয়েছে বলেও কলাবাগান থানা সূত্রে জানা গেছে। 
আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//কেবি[/b]