নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জামায়াত-শিবিরের বের করা বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়েছে। এতে ঘটনাস্থলে ওমর ফারুক চৌধুরী নামে এক শিবির কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে মাইজদীর মফিজ প্লাজার সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের একটি মিছিল শুরু হলে পুলিশ মিছিল লক্ষ্য করে পুলিশ গুলি ছুঁড়ে। এতে শিবির কর্মী ফারুক নিহত হয়।

এ ঘটনায় আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, যুদ্ধাপরাধের দায়ে সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াত নেতা কামারুজ্জমানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে।

পুলিশ এতে বাধা দিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে রাস্তার পাশের নর্দমায় পড়ে এক শিবির কর্মীর মৃত্যু হয়।

ওসি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএইচ