মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মেয়েটির মা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার কুলবাড়ি গ্রামের সঞ্জয় দাস ও তার মেয়ে তৃষা দাস (৫)। সঞ্জয় যশোরের ঝিকরগাছা উপজেলায় জাগরণীচক্র ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরি করতেন।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম জানান, সঞ্জয় সকালে স্ত্রী তৃপ্তি দাস ও মেয়ে তৃষাকে নিয়ে মোটরসাইকেলে করে আড়পাড়ায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে আড়পাড়ার পোড়াগাছী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় তারা মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা এ অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সঞ্জয় ও তৃষাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তৃপ্তি দাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমএনজে





