বাঙ্গালীদের আনারস বাগান কেটে দেওয়াকে কেন্দ্র করে রাঙ্গামাটির নানিয়ারচরের চৌদ্দ মাইল এলাকায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় কয়েকটি দোকানসহ পাহাড়ীদের ১৩টি বসতঘর পুড়ে গেছে।
ঘটনার বিবরনে জানা যায়, সোমবার রাতে বাঙ্গালীদের ১২একর জমিতে করা সাড়ে চার লক্ষ আনারস চারা ও ২০হাজার সেগুন গাছ কে বা কারা কেটে ফেলে। মঙ্গলবার সকালে বাগানে গিয়ে বাঙ্গালীদের আনারস বাগান ও সেগুন বাগান কেটে ফেলা অবস্থায় দেখলে বিক্ষুদ্ধ বাঙ্গালীরা তৎক্ষণাৎ সেখানে বিক্ষোভ করে এলাকার কয়েকটি পাহাড়ী দোকান ও বসত ঘরে অগ্নি সংযোগ করে। সংঘর্ষের ঘটনায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে যান। সেখানে ঘটনার তদন্তে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে এর রিপোর্ট প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়।
অন্যদিকে এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহয়াতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক ১লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল।
এ সংঘর্ষের ঘটনায় এলাকায় পাহাড়ী- বাঙ্গালীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে সব ধরনের সংঘাত এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
জেআই





