কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল (বুধবার) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ হোসেন ছিদ্দিক বিষয়টি জানিয়েছেন।
ইউএনও জানান, বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগে। সেই আগুন দ্রুত বস্তির বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা মিলে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও আনুমানিক প্রায় ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে নগদ টাকা, মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক ও থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শেখ আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, আগুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এএস





