গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলায় ভান্নারা এলাকায়।
শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের নাম নাছরিন আক্তার (২৮)। তার স্বামী নূরুল ইসলাম কালিয়াকৈরের ভান্নারা এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে স্বামী নূরুল ইসলাম পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাছরিন আক্তার স্বামী-সন্তান নিয়ে ঘুমান। মধ্যরাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়।
শনিবার সকালে ঘরের দরজা খোলা এবং ঘরের মেঝেতে নাছরিন আক্তারের লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন থানায় খবর দেয়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, নিহতের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রক্তমাখা একটি বঁটি উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে কুপিয়ে খুন করার পর নিহতের স্বামী পালিয়ে গেছে বলে ওই পুলিশ কর্মকর্তার ধারণা।
এমকে





