নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রী মেঘলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুন) সকালে সুলতান মুন্সীর বাগানের ছোট একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করে।

নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নোয়াগ্রামের নজরুল মোল্যার মেয়ে মেঘলা গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হন। এরপর তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজ করা হয় এবং মাইকিং করা হয়।

শনিবার সকালে মেঘলাদের প্রতিবেশী সুলতান মুন্সীর বাগানের ছোট একটি গর্তে তার মৃতদেহ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘলার মাথা নিচের দিকে দেয়া, হাত ভাঙ্গা এবং কানে আঘাতের চিহ্ন রয়েছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গণি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেঘলাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এমআইএস