দীর্ঘ ৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে শিবির।
বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সেক্রেটারি রাসেল মাহমুদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির।
বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে শুরু হয়। মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেইট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।
ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। আটককৃতরা হলেন ইসলামী স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো: মেহেদী হাসান ও এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ২য় বর্ষের ছাত্র মো: আমিনুর রহমান।
উল্লেখ্য, গত ১৬ জুন, ২০১৪ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা রাসেল মাহমুদের পা কেটে বিচ্ছিন্ন করে দেয় ছাত্রলীগের কর্মীরা।
এ ঘটনায় জড়িত ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতারের দাবিতে রাবি শিবির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে। দাবি না মানলে আগামী বৃহস্পতিবার ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এ ঘটনার পর ক্যাম্পাসের সকল গেইট সংকুচিত করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে।
ঢাকা, ২৪ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





