গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এক নারীকে আটক করে মারপিট ও বিভিন্ন অপকর্মের অভিযোগে দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারেরা হলেন, শাহ আলম সরকার সাজু (৪৫) ও মোয়াজ্জেম হোসেন (৪৫)।
উপজেলার পৌর এলাকার চক গোবিন্দ চাষকপাড়া ও হিরোকপাড়ার একটি বাসা থেকে শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
শাহ আলম সাজু দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি ও মোয়াজ্জেম হোসেন সাপ্তাহিক কাটাখালির সম্পাদক।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, সাংবাদিকতার পরিচয়ে সাজু ও মোয়াজ্জেম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে উপজেলার ঝিরাই গ্রামের নাজরী বেগম নামে এক নারীকে আটক করে মারপিটের মামলা রয়েছে। এ ছাড়া সাজুর বিরুদ্ধে একটি হত্যা মামলায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, সাজু ও মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এমআর





