রংপুরের কাউনিয়া উপজেলায় মালবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। নিহত সিরাজুল ইসলাম (৩৬) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মইদাম গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ও শফিকুল ইসলাম (৩৫) কচাকাটা গ্রামের ওয়াহাব আলীর ছেলে। এদের মধ্যে সিরাজুল শ্যামলী পরিবহনের সুপারভাইজার। আর শফিক ছিলেন বাসের যাত্রী।
কাউনিয়ার ওসি আবদুল লতিফ মিঞা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মীরবাগ বাজারের কাছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
“ঢাকা থেকে শ্যামলী পরিবহনের বাসটি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী যাওয়ার পথে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় কাউনিয়ার মিনাজের খামার এলাকায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুই জন মারা যান।”
আহত বাসযাত্রীদের মধ্যে নাজিম উদ্দিন, আলাউদ্দিন মিয়া, মাইদুল ইসলাম, মাজহারুল ইসলাম, লাবলু মিয়া ও শরিফুল ইসলামসহ ১১ জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে বলে জানান ওসি।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





